দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর জমিতে নির্মাণকাজে বাধা, সীমানা প্রাচীর ভাঙচুর এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী মাসুম মিয়া।
অভিযোগ অনুযায়ী, উপজেলার দাউদপুর ইউনিয়নের লক্ষ্যা-শিমুলিয়া মৌজায় ২০০৮ সালে বৈধ দলিলের মাধ্যমে ৯ শতাংশ জমি কেনেন মাসুম মিয়া। পরে স্থানীয়দের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ করে সেখানে সীমানা প্রাচীর ও পিলার নির্মাণ করা হয়। তার দাবি, প্রায় ১৮ বছর ধরে তিনি জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন।
মাসুম মিয়ার অভিযোগ, গত ২২ জুলাই বাড়ি নির্মাণের জন্য জমিতে বালু ভরাটের কাজ শুরু করলে রয়েল পার্টিকেল মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল্লাহ মোহাম্মদ ইসার নির্দেশে ২০ থেকে ২২ জনের একটি দল সেখানে গিয়ে কাজে বাধা দেয়। এ সময় তারা জমিটি নিজেদের দাবি করে নির্মাণকাজ চালিয়ে যেতে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতেই অভিযুক্তরা জমিতে প্রবেশ করে সীমানা প্রাচীর ও পিলার ভাঙচুর করে এবং ‘আব্দুল্লাহ মোহাম্মদ ইসা’ নামের একটি অস্থায়ী সাইনবোর্ড টানিয়ে জমি দখলের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর ভাই আলী হোসেন বলেন, একই জমি নিয়ে আগে দায়ের হওয়া একটি মামলার তদন্ত আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা সম্পন্ন করেন। পরে প্রতিপক্ষ মামলা প্রত্যাহার করলে আদালতের নির্দেশনা অনুযায়ী তারা জমিতে নির্মাণকাজ শুরু করেন। এরপরও প্রতিপক্ষ নির্মাণকাজে বাধা দেওয়া, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই